২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানচরের পথে আরও ৭০৫ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে কক্সবাজারের আশ্রয় কেন্দ্র থেকে আরও ৭০৫ জন রোহিঙ্গা নাগরিককে নিয়ে ১৬টি বাস উখিয়া ছেড়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 07:06 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

বুধবার দুপুর ২টা ও বিকাল ৫টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব বাস রওনা দেয় বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান।

তিনি বলেন, “দুপুরে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে প্রথম ধাপে ৪১৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ৮টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। বিকালে দ্বিতীয় ধাপে আরও ২৯১ জন রোহিঙ্গাকে নিয়ে ৮টি বাস রওনা দেয়। চট্টগ্রাম থেকে তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

একই সঙ্গে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বহনকারী কয়েকটি গাড়িও সঙ্গে রওনা দেয় বলে তিনি জানান।

চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বাসগুলোর আগে ও পিছনে পুলিশের কড়া পাহারা ছিল।

সামছু-দৌজা বলেন, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহ প্রকাশকারী রোহিঙ্গাদের জন্য উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে একটি অস্থায়ী বুথ খোলা হয়েছে। সেখানে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নাম নিবন্ধন করা হচ্ছে। শুধু স্বেচ্ছায় যেতে ইচ্ছুক নিবন্ধিত রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। 

এরপর দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রকাশ করে সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

এই ৭০৫ জনসহ নয় দফায় এ পর্যন্ত ১৯ হাজার ৮৪৮ জন রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়েছে।

২০২০ সালে সরকার সিদ্ধান্ত নেয় এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলো থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। সে বছরের ডিসেম্বর মাসের আগেই ভাসানচরে সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে।