২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনের আগের দিন প্রার্থীর মৃত্যু, ভোটে বাধা নেই

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী মো. নজরুল ইসলাম শাকিদার নির্বাচনের আগ মুহূর্তে মারা গেছেন। তবে এতে নির্দিষ্ট তারিখে ভোটগ্রহণে কোনো বাধা নেই।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 06:48 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

ভোটের আগের দিন মঙ্গলবার সকালে শরীয়তপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌ-পথের ফেরিতেই নজরুল মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাশেদুজ্জামান।

ইউএনও বলেন, “ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”

উপজেলার চান্দনি গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিদারের ছেলে নজরুল ইসলাম শাকিদার (৬৫) বুধবার অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আগেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, ইউনিয়নের কলাবাগান জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে নজরুল ইসলামকে মসজিদের গণকবরস্থানে দাফন করা হয়েছে।

নজরুল ইসলামের ছেলে তুষার শাকিদার জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পথে ফেরিতেই তিনি মারা যান।

নড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা শরীফ মো. ফয়সাল বলেন, “বুধবারের নির্বাচনের প্রার্থী নজরুল ইসলাম শাকিদার সকালে মারা গেছেন। তার ছেলে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।” 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ”আমি বিষয়টি জেনেছি। যেহেতু নজরুল ইসলাম ছাড়াও সেখানে একাধিক প্রার্থী আছেন তাই ভোটগ্রহণ হবে।” 

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ২০(৪) বিধিতে বলা হয়েছে: ভোট গ্রহণের পূর্বে সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে মনোনীত বৈধ কোনো প্রার্থীর মৃত্যু হইলে ভোটগ্রহণ অবশিষ্ট প্রার্থীগণের মধ্যে সীমাবদ্ধ থাকিবে।