২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় ‘পূর্ব শত্রুতার জেরে’ দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 03:46 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি জানান, সোমবার রাতে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।

নিহত লতিফ উল্লাহ (৩৩) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সুফিপাড়ার মৃত মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইলিয়াছ সওদাগরের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোডে লতিফ উল্লাহর কোমল পানীয়সহ বিভিন্ন মালামালের দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করার আগে লতিফ মালামাল গুছাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে কুপিয়ে জখম করে।

“এ সময় লতিফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লতিফকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।"

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।