দিরাইয়ে ভোট পরবর্তী সহিংসতায় আহত ৪
সুনামগঞ্জের দিরাইয়ের তাড়ল ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।
দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ চৌধুরী ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া চৌধুরীর সমর্থকদের মধ্যে রোববার বেলা ১২টার দিকে তাড়ল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আহম্মদ চৌধুরীর পক্ষের আমিনুর চৌধুরী (২৬) ও আল আমিন চৌধুরী (৩৮) এবং সুফি মিয়া চৌধুরী (৫৫) ও তার ছেলে ইদু মিয়া চৌধুরী (৩০)।
আহতদের মধ্যে আমিনুর ও আলামিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, গত ২৬ ডিসেম্বর দিরাইয়ে চতুর্থ ধাপের নির্বাচনে তাড়ল ইউনিয়নে আহম্মদ চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। নির্বাচনে সুফি মিয়া ও তার লোকজন আহম্মদ চৌধুরীর বিরোধীতা করেন।
শনিবার দুপুরে এর জেরে দিরাই বাজারের হাইস্কুল রোডে আহম্মদ চৌধুরীর ছোট ভাই সুজন মিয়া চৌধুরীর সঙ্গে সুফির হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে সুফি আহমদকে প্রধান আসামি করে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, “এর জেরে রোববার দুপুরে আওয়ামী লীগ নেতা আহম্মদ চৌধুরীর লোকজন ও বিএনপি নেতা সুফি মিয়া চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় গোলাগুলিতে ২ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
