সুনামগঞ্জে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রোববার সকাল ৮টায় উপজেলার রাণীগঞ্জ-জগন্নাথপুর সড়কের আলীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক আউশাকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শুভ আহমদ (২৫) ও পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫৫)।
জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান হাজি মখলুছ মিয়া জানান, আলীগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশা রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক আরোহীর মৃত্যু হয়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ইখতিয়ার।
