জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও এক মিনিট নীরবতা পালন করেন।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগের বিচারকগণসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বেলা ১২টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
শুক্রবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে নতুন দায়িত্বের শপথ নেন তিনি।
