রাজশাহীতে বেড়েছে পাসের হার, এবারও মেয়েরা এগিয়ে
মাধ্যমিকে রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার; এবারও এগিয়ে রয়েছে মেয়েরা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জানান, এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ছয় হাজার ৩১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ৯৫ হাজার ৪০৬ জন।
পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ জানিয়ে তিনি বলেন, গতবার এ হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন আর ১২ হাজার ৯৭০ জন ছাত্র।
শতভাগ পাসের স্কুলের সংখ্যাও এবার বেড়েছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া দুই হাজার ৬৬৭ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৩৯৮ স্কুলের শিক্ষার্থীরা। গতবার শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ছিল ৩০৮টি।
