নওগাঁয় ‘লাঠির আঘাতে’ আদিবাসী গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট উপজেলায় লাঠির আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে মামলার পর এক আদিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সোনাদিঘী আদিবাসী পল্লীতে লুবিন কিস্কুর (৫৮) স্ত্রী মালতি কিস্কু (৫২) নিহত হন। রাতেই পুলিশ লুবিন কিস্কুকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় লুবিন কিস্কুকে আসামি করে থানায় মামলা করেছেন লুবিন কিস্কুর ভাইয়ের স্ত্রী শ্যামলী মুরমু।
মামলার নথি থেকে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সোনাদিঘী আদিবাসী পল্লীর লুবিন কিস্কু ও তার স্ত্রী মালতি কিস্কুর (৫২) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে লুবিন কিস্কু তার হাতে থাকা লাঠি দিয়ে মালতি কিস্কুর মাথায় আঘাত করেন।
এতে মালতি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ওসি কেএম রাকিবুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার রাতে ধামইরহাট থানায় আসামির ভাইয়ের স্ত্রী শ্যামলী মুরমু মামলা দায়ের করেছেন।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লুবিন কিস্কুকে বুধবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
