সিলেটে ‘জামায়াত প্রার্থীর সমর্থক’ ও পুলিশের সংঘর্ষে একজন নিহত
সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত জামায়াত ইসলামীর প্রার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আবদুস সালাম (৪৫) সাইকেল-রিকশার মেকানিক ছিলেন। জেলার গোলাপগঞ্জ উপজেলার রামপা গ্রামে তার বাড়ি।
রোববার রাতে উপজেলার বৈটিকর বাজারে সংঘর্ষ হলে তিনি মারা যান বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ।
ওসি স্থানীয়দের বরাতে বলেন, রোববার ফুলবাড়ি ইউনিয়নে ভোট গণনা শেষে রাত ৮টার দিকে ফল ঘোষণা করা হয়। তাতে নৌকার প্রার্থী আবদুল হানিফকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। কিন্তু ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ফল প্রত্যাখ্যান করেন জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের লোকজন। তারা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
“পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তুমুল সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে।”
ওসি বলেন, “সংঘর্ষকালে আবদুস সালাম আহত হন। তার বুক ও পেটে ছররা গুলির চিহ্ন দেখা গেছে।“
পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাবের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষের পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান ওসি।
এ বিষয়ে জানার জন্য জামায়াত প্রার্থী এমরান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।
