২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে আটকে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, এক সপ্তাহেও গ্রেপ্তার নেই

কক্সবাজার শহরে একটি হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুইদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 10:02 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুল হালিম জানান, গত ১৮ ডিসেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করে মামলা করেছেন।

মামলা দায়েরের এক সপ্তাহ পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

আসামিরা হলন কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার নজরুল ইসলাম (৬০), তার ছেলে মো. আশিক (২৭), স্ত্রী রাজিয়া বেগম (৫৫), আরেক ছেলে মো. কামরুল (৩৪) এবং শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মো. হায়দার ওরফে হায়দার মেম্বারের ছেলে রিয়াজ উদ্দিন (৪০)।

১৪ বছর বয়সী এই স্কুলছাত্রী কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। 

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় আসামি মো. আশিকসহ ৩/৪ জন যুবক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্ গেস্ট হাউজ নামের নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

তবে, আসামি আশিকের স্বজনদের দাবি, ওই স্কুলছাত্রীর সঙ্গে আশিকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আশিকের পরিবার তাদের মধ্যে সামাজিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়েটির পরিবার রাজি ছিল না। এখন ঘটনাকে ভিন্নখাতে ব্যবহার করছে।

এ ব্যাপারে আশিকের মা ও মামলার ২ নম্বর আসামি রাজিয়া বেগমের মোবাইল ফোনে দিলে রিসিভ করেন তার পুত্রবধূ শাহেনা আক্তার। এ নিয়ে কথা হয় শাহেনার সঙ্গে।

দেবর আশিকের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন শাহেনা।

শাহেনা বলেন, তার দেবর আশিক ও স্কুলছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটিকে বউ করে আনতে তারা রাজি আছেন। কিন্তু এতে মেয়ের পরিবার রাজি নয়।

এখন ওই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে মেয়েটির পরিবার অপহরণ করে ধর্ষণ ঘটনার নাটক সাজাচ্ছে বলে দাবি করেন আশিকের ভাবির ভাষ্য।

এই ব্যাপারে মমস্ গেস্ট হাউজের ব্যবস্থাপক মো. শাহীন বলেন, গত ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আশিক ও ওই স্কুলছাত্রীর নামের কেউ হোটেলে অবস্থান করেনি। তাছাড়া ওই নামের কাউকে তিনি চিনেন না।

তবে ওই তিন দিনের (১৩ থেকে ১৫ ডিসেম্বর ) হোটেলের সিটি ক্যামেরার ভিডিও দেখার কথা বললে হোটেল ব্যবস্থাপক সেগুলো সংরক্ষিত নেই জানান।

মামলা নথিভুক্তের এক সপ্তাহ পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুল হালিম বলেন, মামলার তদন্তকাজ অব্যাহত রয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।