২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী জেলা প্রশাসকের কক্ষে অগ্নিকাণ্ড

নীলফামারী জেলা প্রশাসকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; তবে কোনো কাগজপত্র নষ্ট হয়নি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 08:34 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

বুধবার বিকাল ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারী জানান, ঘটনার সময় জেলা প্রশাসক কক্ষে ছিলেন না। দরজা জানালা বন্ধ থাকা কক্ষটি থেকে ধোঁয়া বের হতে দেখে অগ্নিকাণ্ডের বিষয়টি জানা যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি দুপুরের খাওয়ার জন্য বাসায় যাই। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করি। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কক্ষের দুইটি সোফা ক্ষতিগ্রস্ত হলেও কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।”

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, “৩টা ২০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”