আশুলিয়ায় নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
ঢাকার সাভারের আশুলিয়ায় নারী নির্যাতনের মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মমতাজ উদ্দিন মজনু ওরফে মোন্তা (৪৫) সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের সদস্য।
শুক্রবার দুপুরে আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান জানান, গোপন খবরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আগের রাতে অভিযান চালিয়ে মোন্তাকে গ্রেপ্তার করেন তারা।
আসওয়াদুর বলেন, ইউপি সদস্য মোন্তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন এক নারী। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। মামলা মাথায় নিয়ে পলাতক ছিলেন তিনি।
মোন্তার বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও একাধিক মামলা রয়েছে।
শনিবার তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
