নানা সমস্যায় চাঁদপুর বিসিক শিল্প নগরী
প্রতিষ্ঠার দুই দশক পরও চাঁদপুরের বিসিক শিল্পনগরী নানা সমস্যায় ভুগছে বলে উদ্যোক্তাদের অভিযোগ।
এখানে পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাষণ ও নিরাপত্তা সমস্যার কথা জানিয়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
চাঁদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ১৯৯৯ সালে ১০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানে ৩৫টি শিল্প ইউনিটে কয়েক হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।
শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করতে এখানে স্বল্প মূল্যে ৬৮টি প্লট বরাদ্দ দেওয়া হয় বলে তিনি জানান।
মেঘনা ফুডের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, এখানকার রাস্তা-ঘাট ও ড্রেনের করুণ অবস্থা। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া এখানকার সরবরাহ করা পানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। বিষয়টি অনেকবার অবহিত করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। ড্রেনগুলো সংস্কার না হওয়ায় ময়লা-আবর্জনা জমে মুখ বন্ধ হয়ে রয়েছে।
দেলোয়ার বলেন, “বিভিন্ন সময় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আমাদের চরম দুর্ভোগে প[ড়তে হয়। ওই সময় শ্রমিকরা অলস সময় পড়ে থাকে। পুরো কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।”
“এখানে নিরাপত্তা ব্যবস্থায়ও সমস্যা রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা করা গেলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হতো।”
মুনলাইট প্লাস্টিকের ব্যবস্থাপক মো. ইলিয়াছ আহমেদ বলেন, এখানকার শিল্প প্রতিষ্ঠানে কর্মরত নারী শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হন। বিশেষ করে বহিরাগত বখাটে ও নেশাখোর যুবকরা নারীদের উত্ত্যক্ত করে।
তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথাও বলেন।
“করোনাকালীন অনেক শ্রমিক ছাঁটাই হয়েছে। এখন আমরা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। দৃশ্যমান সমস্যাগুলো দূর করতে হবে।”
মো. আলমগীর ও আবুল খায়ের নামের দুই ব্যবসায়ী বলেন, বিসিক শিল্পনগরীর সীমানা প্রাচীর নেই। এতে করে বহিরাগত লোকজন এখানে অনায়াসে আসা-যাওয়া করে। ফলে কর্মরত নারী শ্রমিকদের উত্ত্যক্তের শিকার হতে হয়। দিনের বেলা ও রাতে বখাটে যুবকরা এখানে নেশা করে। এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভোগেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এখানে গড়ে ওঠা ৩৫টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে ২৪টি টিকে রয়েছে। বাকি ১১টি করোনার সময় আর্থিক কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
তিনি বলেন, এখানকার সমস্যাগুলোর অচিরেই সমাধান করা হবে। পানি সমস্যার সমাধান ও রাস্তা-ঘাট সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্মরত নারীদের নিরাপত্তায় ব্যবস্থাও নেওয়া হবে।
