শাহজাদপুরে ট্রাক উল্টে ২ ধানকাটা শ্রমিক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক উল্টে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার জামিরতা-শাহজাদপুর আঞ্চলিক সড়কের পারজামিরতায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, জামিরতা গ্রাম থেকে ট্রাক নিয়ে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহী রওনা দেন।
“পারজামিরতা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ১৭ জন শ্রমিক আহত হন।”
ওসি বলেন, স্থানীয়রা আহতদের দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়েছেন।
