২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 10:41 AM

Updated : 07 Apr 2022, 11:51 PM

ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার শ্যামবাগাত গ্রামের বাবার বাড়ি থেকে আরিফা বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করেন তারা। 

নিহত আরিফা (১৮) খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের শামীম সরদারের স্ত্রী এবং ফকিরহাটের শ্যামবাগাত গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

নিহতের পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও আরিফার মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। আরিফার এক বছর বয়সী একটি ছেলে রয়েছে।

“আরিফা তিনদিন আগে স্বামীর সঙ্গে বিবাদ করে বাবার বাড়িতে চলে যান। সোমবার ৯টার দিকে আরিফার বাড়িতে গিয়ে শামীম তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এ সময় আরিফার মা ও পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।”

আরিফার গলা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান খায়রুল।

তিনি বলেন, আরিফার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।