২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় শিশু অপরণের পর হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং আরও দুইজনের যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 05:37 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

কুষ্টিয়ার নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম রোববার বেলা সাড়ে ১২টায় এই রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত তিন আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছে।

মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত সবুজ মল্লিক (২৫) জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তুফান মল্লিকের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- একই উপজেলার চিথলিয়া এলাকার আমান আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হাবুল (৩৩) ও একই এলাকার আনছার আলীর ছেলে এরশাদ আলী (২২)।

রায় ঘোষণার সময় মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত সবুজ মল্লিক আদালতে ছিলেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন । পুলিশ কখনও তাদের গ্রেপ্তার করতে পারেনি।

তাছাড়া মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি জোয়ার মিয়া (২৫) ও নাঈম মিয়া (২২) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন শিশুর লাশ উদ্ধারের পরদিন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৯ জুন ওই এলাকার পবিত্রকুমার দত্তের ছেলে দেবদত্তকে (৮) মুক্তিপণ দাবিতে অপরণের পর হত্যা করে লাশ গুম করা হয়। পবিত্রকুমার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক আব্দুল হালিম পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে নাঈম মিয়ার বাড়ি থেকে গর্ত খুঁড়ে শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

মামলা তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল হালিম বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দিয়েছে।

রায়ে নিহত দেবদত্তের বাবা পবিত্রকুমার দত্ত সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমার একমাত্র সন্তান দেবকে ওরা যেভাবে হত্যা করেছে, এমন নৃশংসভাবে যেন আর কোনো শিশুকে হত্যা করা না হয়। আজ আদালত যে রায় দিয়েছে তার যেন দ্রুত বাস্তবায়ন হয় এটাই আমার চাওয়া।”