শীতলক্ষ্যায় বাল্ক হেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় যাত্রীসহ নৌকাডুবিতে এক গৃহবধূ ও এক কিশোরী নিখোঁজ রয়েছেন।
উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌ রুটে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান।
নিখোঁজ দুই নারী হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০) ও সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭)।
নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান, সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। নদীর মাঝে গেলে বাল্ক হেডের ধাক্কায় নৌকাটি হঠাৎ ডুবে যায়।
“নৌকায় থাকা ২০ জন যাত্রীর মাঝে ১৮ জন সাঁতরে তীরে উঠে এসেছেন। তবে দুই জন নারী নিখোঁজ রয়েছেন।”
ফায়ার সার্ভিসে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লা আল আরেফিন বলেন, নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পাশাপাশি নৌ-পুলিশের সদস্যরাও নদীতে তল্লাশি চালাচ্ছেন।
