২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রাক চাপায় ৩ মোটর শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপ পথচারী তিন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 08:36 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বুধবার সন্ধ্যায় পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান জানিয়েছেন।

নিহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৫৫), রবিউল ইসলাম (৫০) ও আলম হোসেন (৫০)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে ওই তিন পরিবহন শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় টার্মিনালমুখী একটি খালি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরিবহন জাহাঙ্গীর হোসেন মারা যান।

তার দুই সহযোগী রবিউল ইসলাম ও আলম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান বলেন, ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর হোসেনের এবং হাসপাতাল থেকে রবিউল ইসলাম ও আলম হোসেনের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আবুল হাসনাত বলেন, ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। তবে ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে; এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।