২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়’শ শিক্ষার্থীর জন্য ৬ শিক্ষক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রয়োজনীয় জনবল সংকটে ধুঁকে ধুঁকে চলছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 04:24 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

বোয়ালমারী পৌর সদরের গোহাটা খেলার মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫৪ জন। প্রতিষ্ঠানটিতে গত পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক এবং দুই বছরের অধিক সময় ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য।

বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসা এ টি এম চুন্নু মিয়া জানান, অর্ধশত বছরের পুরনো এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছয় শতাধিক শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন।

১৯৬৫ সালে স্থাপিত এবং ১৯৮৮ সালে জাতীয়করণকৃত এই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীতে ১৩৯ জন, ৭ম শ্রেণীতে ১৪২ জন, ৮ম শ্রেণীতে ১৩৬ জন, ৯ম শ্রেণীতে ১৪১ জন এবং ১০ম শ্রেনীতে ৯৭ জন ছাত্রী অধ্যয়নরত।

তিনি বলেন, “এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের পদ ১১টি।  গণিত, ইংরেজি, বাংলাসহ ৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। কর্মরত আছেন মাত্র ৬ জন শিক্ষক। এমনকি দপ্তরি, অফিস সহকারী, নৈশ প্রহরীর পদও শূন্য।

“নিয়মিত ৬ জন এবং খণ্ডকালীন ৪ জন শিক্ষক দিয়ে কোনমতে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে “

চুন্নু বলেন, বোয়ালমারীর মতো প্রান্তিক এলাকায় অবস্থিত এই সরকারি স্কুলে শিক্ষকের ঘাটতি লেগেই আছে বছরের পর বছর। গত পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক এবং দুই বছরের অধিক সময় ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। ২০১৭ সালের ২৬ জানুয়ারি থেকে প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য ২০১৯ সালের ১৮ জুলাই থেকে।

বিদ্যালয়ের শূন্য পদ পূরণের জন্য গত সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের উপ-পরিচালক বরাবরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, সরকারি মাধ্যমিক “বিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রক্রিয়াধীন।  খুব দ্রুতই সমস্ত শূন্য পদ পূরণ করা হবে।”