নীলফামারীতে বাস ধানক্ষেতে, নিহত ২
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিয়ামতপুর এলাকায় তারা হতাহত হন।
নিহতরা হলেন ওই এলাকার মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রংপুর পার্ক মহল্লার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম (৪০) ও দিনাজপুরের কাহারোল উপজেলার মল্লিকপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মঞ্জুর আলী (৬০)।
স্থানীয়রা জানান, ফাহিম এন্টারপ্রাইজ নামে একটি বাস বগুড়া যাচ্ছিল। নিয়ামতপুর এলাকায় মরিয়ম চক্ষু হাসপাতালের সামেন সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কে পথচারী তহিদুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে বাসের যাত্রী মঞ্জুর আলী মারা যান।
তাছাড়া বাসের ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করায় বলে জানান পরিদর্শক খায়রুল আলম।
তিনি বলেন, ঘটনার পর থেকে বাসের চালক, সুপারভাইজার ও সহকারী পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। পুলিশ বাসের কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
