গাজীপুরে পুলিশে নিয়োগ পরীক্ষায় এসে তরুণের মৃত্যু
গাজীপুর জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে আসা এক তরুণ মারা গেছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে এই তরুণের বন্ধু ও পুলিশ জানিয়েছে।
মৃত ফাহিম চৌধুরী (২০) গাজীপুর মহানগরের উত্তর খাইলকুরের ইসমাইল হোসেনের ছেলে।
ফাহিমের সঙ্গে থাকা এক বন্ধুর ভাষ্য, ফাহিম একটি বিদ্যুতের টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন; কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ ওই টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো প্রমাণ খুঁজে পায়নি বলে জানায়।
মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে চিকিৎসকের ভাষ্য।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার এসআই মো. আল আমিন বলেন, সকালে ফাহিম চৌধুরী পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষায় অংশ নিতে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে যান।
“পরীক্ষা চলাকালে ফাহিম সকাল ১১টার দিকে পুলিশ লাইন্সের ভেতরে থাকা একটি ট্রান্সমিশন টাওয়ারের সাথে হেলান দেন। এক পর্যায়ে তিনি হঠাৎ করেই সেখানে অসুস্থ হয়ে পড়েন।”
আল আমিন বলেন, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বসুরা গ্রামের বাসিন্দা নিহতের বন্ধু মো. বিল্লাল হোসেন বলেন, তিনিও পুলিশ লাইন্সে নিয়োগের বাছাই পরীক্ষা দিতে গিয়েছেলেন। প্রচণ্ড রোদের কারণে ফাহিমসহ তারা কয়েকজন ওই টাওয়ারের নিচে ছায়ায় অবস্থান নেন।
“এক পর্যায়ে ফাহিম টাওয়ারের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে লোহার এসির খাঁচায় স্পর্শ করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার দেন। পরে উদ্ধার করতে গিয়ে তাকে জড়িয়ে ধরলে অপরজনও বিদ্যুতায়িত হয়ে পড়ে যান।”
তখন মরা বাঁশের আঘাতে ফাহিমকে মুক্ত করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফাহিমকে হাসপাতালের রেজিস্টারে আনায়নকারী হিসেবে দেখানো হয়েছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে হাসপাতালের রেজিস্টারে ফাহিম চৌধুরীর বাবা ও বাসস্থানের নাম ঠিক লেখা হলেও নিহতের নাম ফাহিমের পরিবর্তে শাহিন চৌধুরী লেখা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাহিম টাওয়ার থেকে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. আমিনুল ইসলাম বলেন, টাওয়ার থেকে বিদ্যুতায়িত হওয়ার খবর পাওয়ার পর গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের খবর দেওয়া হয়ে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে টওয়ারে কোনো বিদ্যুৎ সংযোগ হওয়ার প্রমাণ পায়নি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. এনায়েত হোসেন বলেন, “খবর পেয়ে জেলা পুলিশ লাইন্সে গিয়ে ট্রান্সমিশন টাওয়ারটি পরীক্ষা করে দেখা গেছে সেটি বিদ্যুতায়িত হয়নি। সেটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটবে এমন প্রমাণ পাওয়া যায়নি।”
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মো. রোমান আল মামুন বলেন, দুপুরে ময়নাতদন্ত করাকালে নিহতের হৃদপিণ্ডের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
