২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী আটক

রংপুরের তারাগঞ্জে নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 09:20 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

শুক্রবার সকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত সালমা আক্তার পুটি (৪৫) ওই গ্রামের মো. আব্দুল্লাহ স্ত্রী।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত-ই-রাব্বানীসহ পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতের খাওয়া শেষে সালমা ও তার স্বামী আব্দুল্লাহ ঘুমিয়ে পড়েন।

“রাত আনুমানিক আড়াইটার দিকে আব্দুল্লাহ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। কয়েক মিনিট পর ঘরে ফিরে স্ত্রী পুটিকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।”

তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বিছানায় পুটির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন, বলে ফারুক।

পার্শ্ববর্তী মন্ডলপাড়া গ্রামে বসবাসরত সালমার ছোট ভাই ভুট্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোন আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী হোসনে আরা। তার সংসারে আশরাফুল ইসলাম ফকির (৩৫) নামের এক ছেলে রয়েছেন।

তিনি আরও বলেন, “বেশ কয়েকদিন ধরে আমার বোনের সাথে তাদের গরু বিক্রির টাকা ও বসত ভিটার জমি নিয়ে মনমালিন্য চলে আসছিল। আমার সন্দেহ আব্দুল্লাহ ও তার ছেলে ফকির মিলে আমার বোনকে হত্যা করেছে।

“ঘটনার পর রাত আনুমানিক ৩টার দিকে আমার ভাগিনা লাভলু (১৫) ও শাহীন (১৩) আমার বাড়ি গিয়ে খবর দেয়। খবর পেয়ে আমি সাথে সাথেই এখানে চলে আসি।”

আব্দুল্লাহর উপর সন্দেহ থাকায় ভুট্টু ওই বাড়ি গিয়েই আব্দুল্লাহকে বেঁধে রাখেন এবং পরে পুলিশ এসে তাকে নিয়ে যায় বলে জানান ভুট্টু।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত-ই-রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে।