২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 03:44 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে তারা নিহত হন।

তারা হলেন জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) ও  একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯) ৷

ওসি জানান, জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

তাছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি গোলাম দস্তগীর আহমদ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।