২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধের জেরে হত্যা: ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রহমত আলী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তার ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 03:50 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির পাঁচ বছর আগের এ মামলার  রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- নিহতের ভাই তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম (৪৭) ও দুই ভাতিজা মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী (২৫)।

জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান জানান,

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ৪ মার্চ রহমত আলীর সঙ্গে তার ভাই নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল এবং তার দুই ছেলে হাসমতুল্লাহ ও হাসান ধারাল অস্ত্র দিয়ে রহমত আলীকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে নুরুল ইসলাম, তার স্ত্রী মাজেদা খাতুন ও  তাদের দুই ছেলেকে আসামি করে করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাজেদা খাতুনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পিপি।