ফেনীতে বাঁধ ভেঙে ৪ গ্রামে পানি
ফেনীর ফুলগাজীতে আকস্মিক পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চার গ্রামে পানি ঢুকেছে।
ফুলগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে বুধবার রাতে জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে গেছে।
ফুলগাজীর ইউএনও ফেরদৌসী বেগম বলেন, “মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের ফলে ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে।”
বুধবার বিকেল থেকেই নদীতে পানির প্রবাহ বেশি ছিল বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন।
গত ১ জুলাই টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী ছাড়াও ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থান ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১০ গ্রামে পানি ঢোকে। পানিতে ভেসে যায় কয়েকশ পুকুরের মাছ। নষ্ট হয় জমির ফসল ও গ্রামীণ সড়ক।
