রাজশাহীতে এক দিনে কোভিডে ৫ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে পাঁচজনের মৃত্যু হয়েছে; আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিনজন; তাছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে মারা গেছে আরও একজন।
বৃহস্পতিবার সকাল ৬টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
তিনি বলেন, একই সময় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন; সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ জন। বুধবার সকাল ৬টায় কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ছিল ২৫৪ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
পরিচালক জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৪০ জনের পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে রয়েছে ৭৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া কোভিড-পরবর্তী নানা স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছে ৪০ জন।
শামীম ইয়াজদানী বলেন, বুধবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার দেখা গেছে ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের দিন মঙ্গলবার ছিল ১৬ দশমিক ৪৫ শতাংশ। গত সোমবার এ হার ছিল ১৫ দশমিক ২৭ শতাংশ, রোববার ২৪ শতাংশ, শনিবার ১৯ দশমিক ২৫ শতাংশ, শুক্রবার ২৯ দশমিক ৫২ শতাংশ, বৃহস্পতিবার ২৫ দশমিক ১৫ শতাংশ।
