২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আড়াই হাজার টাকার জন্য দুজনকে খুন’

গাজীপুরে ধারের আড়াই হাজার টাকা শোধ না করায় এক বেকারি শ্রমিক দুই সহকর্মীকে হাত-পা বেঁধে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 07:16 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এর আগে আসামি রাসেলসহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কিসমত দূর্গাপুর মধ্যপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে রাসেল প্রধান (২৫) এবং বগুড়ার ধুনট থানার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং কালিয়াকৈর চন্দ্রা মোড়ের এক রোস্তরাঁর মালিক সাইদুর সরকারের ছেলে সৈকত সরকার (২৪)।

উপ-কমিশনার জাকির জানান, গত ৭ জুলাই গাজীপুরের কোনাবাড়ি থানার বাঘিয়ার চর এলাকায় এক পরিত্যাক্ত ইটভাটার পাশে বিলের পানিতে ভাসমান অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই থানার এসআই তাপস কুমার উজা বাদী হয়ে হত্যা মামলা করেন।

পুলিশ আধুনিক প্রযুক্তি ও ম্যানুয়েল ইন্টিলিজেন্সের সহায়তায় এ ঘটনার সন্দেহভাজন আসামি সৈকত সরকারকে গত ৮ জুলাই কালিয়াকৈর থেকে আটক করে। সৈকতকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের ‘প্রধান হোতা’ রাসেল প্রধানকে গত শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘রাসেল প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে’ এ হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে উপ-কমিশনার জানান, আসামি, নিহত মাহমুদুল হাসান এবং রাকিব হোসেন কোনাবাড়ির বাঘিয়া এলাকায় শাহানা বেকারি নামে এক কারখানায় কাজ করতেন।

এক মাস আগে রাসেলের কাছ থেকে মাহমুদুল হাসান আড়াই হাজার টাকা ধার নেন। ধারের টাকা চাইতে গেলে মাহমুদুল নানা টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে মাহমুদুল আসামির মোবাইলফোন নম্বরটি ব্লক করে দেন।

গত ১ জুলাই রাসেল প্রধান গাইবান্ধা থেকে কোনাবাড়িতে এসে দুইদিন ধরে মাহমুদুলকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হন। পরে অপর সহকর্মী রাকিবের মাধ্যমে মাহমুদুলের সন্ধান পান রাসেল।

৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তারা তিনজন ওই পরিত্যাক্ত ইট ভাটার বিলের কাছে আড্ডা দিতে যান। এ সময় রাসেল জাদুর মাধ্যমে টাকা তৈরির প্রলোভন দেখিয়ে প্রথমে মাহমুদুলের দুই পা ও হাত রশি দিয়ে বেঁধে ফেলেন। একই কায়দায় রাকিবের হাত-পা বাঁধেন।

এরপর মাহমুদুলের প্যান্ট খুলে টেনে-হিঁচড়ে বিলের পানিতে নিয়ে ‘চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।’

কারখানার মালিককে ঘটনা বলে দেবে বলে চিৎকার করলে রাকিবকে মাথায়, বুকে ও পিঠে আঘাত করে হত্যা করেন এই আসামি বলছে পুলিশ।

নিহতদের দুইটি মোবাইল ফোনসহ দুশ’ টাকা নিয়ে লাশ বিলের পানিতে ডুবিয়ে ঘাস- লতাপাতা চাপা দিয়ে চলে যান যান আসামি।

পরদিন মাহমুদুলের মোবাইল ফোনটি কালিয়াকৈর চন্দ্রা মোড়ের এক রোস্তরাঁর মালিকের ছেলের সৈকতের কাছে ১ হাজার ৪শ টাকায় বিক্রি করে রাসেল গাইবান্ধায় পালিয়ে যান।

গ্রেপ্তারদের দেখানো মতে সীমানা পিলারের ভাঙা অংশ এবং বিলের পানি থেকে মাহমুদুল হাসানের পরনের বেল্টসহ জিন্সের প্যান্ট উদ্ধার করা হয়।