কোভিড: খুলনা বিভাগে টানা দ্বিতীয় দিনের মত অর্ধশতাধিক মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা দ্বিতীয় দিনের রেকর্ডে ৫১ জন প্রাণ হারিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা সোমবার এই তথ্য জানান।
রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে রোববারও বিভাগে রেকর্ড ৫১ জনের মৃত্যু হয়েছিল।
রাশেদা বলেন, কোভিড সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৬৫৫টি নমুনা পরীক্ষায় ২৩৯ জনের শরীরে করোনা রোগের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৩৬ শতাংশ।
এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬২৬ জনের। এ সময় মারা গেছেন ৩১৩ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৫১২ জন।
