২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কোভিড শনাক্ত ৪২ শতাংশ

যশোরে একদিন ১৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; পরীক্ষার হিসাবে এই শনাক্তের হার দাঁড়ায় ৪২ শতাংশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2021, 08:06 PM

Updated : 02 Aug 2022, 05:56 PM

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই হিসাবে শনাক্তের হার ৪২ শতাংশ।

তিনি বলেন, “মে মাসের তুলনায় জুন মাসে শনাক্তের হার অনেক বেশি; যা সংশ্লিষ্টদের উদ্বেগে ফেলেছে।”

কয়েকদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ বেড়েছে জানিয়ে তিনি বলেন, মাত্র ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। এদিকে করোনা ডেডিকেটেড ইউনিটও পূর্ণ হওয়ার পথে। ৮০ শয্যার এই ওয়ার্ডে বর্তমানে ৬৩ জন ভর্তি রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুইজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।