খুলনায় নাসের হাসপাতালের বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট অব্যবহৃত
জনবলের অভাবে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থাপিত বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট অব্যবহৃত পড়ে আছে।
ফলে মেডিকেল বর্জ্য জীবাণুমুক্ত না করেই বাইরে অপসারণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালের উপসহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০১৫ সালের ২৩ এপ্রিল হাসপাতালটির মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট বরাদ্দ করা হয়।
“২০১৯ সালের ১২ নভেম্বর সরবরাহকারী প্রতিষ্ঠান নিউ টেক জি টি লিমিটেড প্রায় আট কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে হাসপাতালে প্লান্টটি স্থাপন করে।”
আমিরুল ইসলাম আরও বলেন, প্লান্টটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন প্লান্ট অপারেটর, দুজন হেলপার ও দুজন বর্জ্য অপসারণকারী প্রয়োজন। কিন্তু সেই জবনল নেই।
“যাতে অকেজো হয়ে না যায় সেজন্য মাঝেমধ্যে প্লান্ট চালু করা হয়। তবে দক্ষ জনবল ছাড়া প্লান্টটির বয়লার চালাতে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
প্লান্ট চালু না থাকায় হাসপাতালের মেডিকেল বর্জ্য একটি এনজিওর কর্মীরা পিকআপে করে রাজবন্ধ এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলে আসেন বলে জানান তিনি।
“প্লান্ট থাকার পরও পরিশোধন না করেই এই হাসপাতালের মেডিকেল বর্জ্য বাইরে অপসারণ করতে হচ্ছে।”
গত বছর আবু নাসের হাসপাতালের পরিচালকের কাছে করোনা হাসপাতালের মেডিকেল বর্জ্য ওই প্লান্টে পরিশোধনের জন্য অনুরোধ জানানো হয়েছিল; কিন্তু তা সম্ভব হয়নি বলে মেহেদী জানান।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বলেন, নতুন জনবল নিয়োগ অথবা হাসপাতালে থাকা কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে প্লান্টটি সচল করার জন্য তিনি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন। কিন্তু এখনও কোনো অগ্রগতি হয়নি। বাধ্য হয়ে জীবাণুমুক্ত না করেই হাসপাতালের বর্জ্য বাইরে বের করতে হচ্ছে।
