রাজশাহীতে ‘বেড়েছে সংক্রমণ’, আরও ৬ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ জেলায় সংক্রমণ ও হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে।
শনিবার সকাল ৬টা থেকে রোরবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় ছয়জন মারা যান। যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গার একজন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, মৃতদের মধ্যে দুইজনের করোনাভাইরাস পজেটিভ ছিল; তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান
এ নিয়ে চলতি মাসের ৬ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ৬ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে ৫৩ জন মারা গেছেন। এর মধ্যে ৩৫ জনই মারা গেছেন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর।
হাসপাতালে বেড়েছে রোগী
ডা. সাইফুল বলেন, রাজশাহীতে সংক্রমণ ও হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। রোববার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৩৫ জন। যা শনিবার ছিল ২২৪ জন।
হাসপাতালে চিকিৎসাধীন ২৩৫ রোগীর মধ্যে রাজশাহী ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নওগাঁর ১০, নাটোর ১০, পাবনা ছয়জন ও কুষ্টিয়ার দুইজন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৬ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে রাজশাহীর ১৮, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নওগাঁর তিন ও নাটোরের একজন।
তিনি বলেন, এ হাসপাতালের করোনা ইউনিটের শয্যা রয়েছে ২৩২টি। কিন্তু রোগী ভর্তি হয়েছে ২৩৫ জন। বাকিদের মেঝেতে রাখা হয়েছে। এছাড়াও আইসিইউ রয়েছে ১৭টি। সেখানে রোগী রয়েছে ১৬টি।
“একটি বেড ভিআইপিদের জন্য ফাঁকা রাখা হয়েছে। কিন্তু হাসপাতালে আরও ৫০ জনের বেশী রোগী রয়েছে যাদের আইসিইউ প্রয়োজন।”
বেড়েছে সংক্রমণ
রাজশাহীতে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়লেও চাঁপাইনবাবগঞ্জে সামান্য কমেছে বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জানান।
শনিবার রাজশাহীর দুইটি ল্যাবে এই দুই জেলার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি ল্যাবের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, রাজশাহীতে আগের দিনের চেয়ে প্রায় এক শতাংশ বেড়ে করোনাভাইরাস শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ২৭ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে দশমিক ৫১ শতাংশ কমে হয়েছে ৬১ দশমিক ৩৬ শতাংশ।
এর আগের দিন শুক্রবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে ৬১ দশমিক ৮৭ শতাংশ। যা গত বৃহস্পতিবার রাজশাহীতে ছিল ২৬ শতাংশ আর চাঁপাইনবাবগঞ্জে ৫৩ দশমিক ৯৪ শতাংশ।
সাইফুল বলেন, শনিবার এই দুই ল্যাবে ৫৪২ জনের নমুনা পরীক্ষার ২৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ এসেছে।
১০০ শয্যার করোনা হাসপাতাল করার উদ্যোগ
রাজশাহীতে ১০০ শয্যার করোনা হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজশাহী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
এক সময়ের সদর হাসপাতাল সংস্কার করে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিসসহ করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যার অংশ হিসেবে অবকাঠামো পরিদর্শন করে প্রস্তাবনা তৈরির কাজ চলছে।
তিনি বলেন “এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কয়েক দফায় কথা হয়েছে। তারাও এটাতে রাজি আছে। আমাদের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। সেটি তৈরির কাজ চলছে। সেন্টাল অক্সিজেন সার্ভিস, চিকিৎসক ও জনবলসহ প্রস্তাবনা পাঠাব।”
যত দ্রুত সম্ভাব তারা এ হাসপাতালটি চালু করতে চান। অবকাঠামো নির্মাণ করে সেন্টাল অক্সিজেন সেন্টার বসাতে সময় লাগে দুই/তিন মাস। এর আগেই ওয়ার্ড চালু কারার চিন্তা রয়েছে তাদের।
