২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার হাসপাতালে ধারণক্ষমতার বেশি করোনাভাইরাসের রোগী

খুলনার ‘করোনা ডেডিকেটেড হাসপাতালে’ ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2021, 06:16 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার বলেন, গত কয়েকদিন ধরে রোগীর চাপ বেড়েছে। এখন সর্বোচ্চ রোগী ভর্তি রয়েছে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে।

“বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে ১১৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।”

এই ১১৫ জন রোগীর মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে রেড জোনে ৮৮ জন এবং উপসর্গ নিয়ে ইয়োলো জোনে ভর্তি ২৩ এবং ভারত থেকে আসা চারজন ভর্তি রয়েছেন। এরমধ্যে সাতজন আইসিইউতে এবং চারজন এইচডিইউতে রয়েছেন।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ঈদের আগে আশঙ্কা করা হচ্ছিল সংক্রমণ বৃদ্ধি পাবে। তখন থেকেই স্বাস্থ্যবিধি মানতে মানুষকে সচেতন করা হয়।

শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য নগরের সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেন তিনি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া কোনোভাবেই চলাচল করা যাবে না।

গত বছরের ১৯ মার্চ বিভাগের মধ্যে প্রথম করোনারোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। এক বছর ২ মাস ১৬ দিন পর রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪১ জনের। এ নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১১৩ জন। সংক্রমিত হয়ে তিনজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৬২১ জন বলেন ডা. রাশেদা।