২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়রায় ‘মেয়াদোত্তীর্ণ’ খাবার বিতরণে উপকূলবাসী ক্ষুব্ধ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ‘মেয়াদোত্তীর্ণ’ খাবার বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 06:51 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া এসব খাদ্য সামগ্রী মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাবার খেয়ে শিশুসহ অনেকে অসুস্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকার লোকাজন।

খাদ্যসামগ্রীর মানের বিষয় স্বীকার করে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, “মন্ত্রণালয় থেকে প্যাকেট করে পাঠানো খাবার আমরা কেউ খুলে দেখিনি। বিতরণ করার পর আমরা জানতে পেরেছি খাবার মেয়াদোত্তীর্ণ।”

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। যেন এ ধরনের খাবার পরবর্তীতে না দেওয়া হয়।

উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী এলাকার অনিশ মাহত বলেন, ইয়াসে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার পর আমাদের খেয়ে-না খেয়ে থাকতে হয়েছে।

“তিন থেকে চার দিন পর চেয়ারম্যান-মেম্বররা যে খাদ্যসামগ্রী দিয়েছেন তা খেয়ে আমাদের শিশুসহ বয়স্করা অসুস্থ হয়ে পড়েছেন। পরে দেখি খাবার মেয়াদোত্তীর্ণ।

“আর চিড়া খাওয়ার অনুপযুক্ত হওয়ায় ফেলে দিয়েছি।”

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার নিলীমা চক্রবর্তী জানান, উপজেলার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বিতরণের আগে তাদের দেখা উচিত ছিল খাদ্যসামগ্রীর মেয়াদ আছে কি না।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন জানান, জলোচ্ছ্বাসে কয়রার ১২টি স্থানের বেড়িবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়।

স্বেচ্ছাশ্রমে মহারাজপুর ইউনিয়নের দশালিয়া এবং উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী বাদে বাকি বাঁধগুলো সংস্কার করা হয়েছে। এখনো ৩৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। আশ্রয়কেন্দ্রসহ উঁচু বেড়িবাঁধে ২ হাজারের বেশি মানুষ অবস্থান করছে।

ইমতিয়াজ জানান, মহারাজপুর ইউনিয়নের পশ্চিম দেয়াড়া, শিমলারাইট, গোবিন্দপুর, খেজুরডাঙ্গা, মঠবাড়ি গুচ্ছ গ্রাম, পূর্ব মঠবাড়ি এবং উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী হরিহরপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় সুপেয় পানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে।

“কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। তবে তা যথসামান্য।”

এসব গ্রামের বাসিন্দারা জানান, ঘরের মধ্যে ইট দিয়ে উঁচু করে চুলা তৈরি করে রান্না করতে হচ্ছে তাদের।

মহারাজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম দেওয়াড়া একতা সংঘের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “জলোচ্ছ্বাসে অনেকের ঘর ভেঙে গেছে। আয়ের উৎস মাছের ঘের ভেসে গেছে। এখনো পানিবন্দি মানুষ।”

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা বলেন, মেয়াদোত্তীর্ণ খাবার খেলে শিশু ও বয়স্কদের পেটের পীড়া হতে পারে।