রাজশাহীতে লকডাউনে নতুন করে কড়াকড়ি আরোপ
উত্তরের কয়েকটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাজশাহীতে মহামারী মোকাবেলায় লকডাউনের নতুন বিধি-নিষেধসহ কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল বন্ধসহ ১০টি শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসন।
তিনি বলেন, রাজশাহীর করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে সরকারের চলমান লকডাউনের স্থানীয়ভাবে কিছু শর্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরণের দোকান-পাট ও বিপনী বিতান বন্ধ, সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেদ্ধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ।
এছাড়া জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম এবং পুলিশ বাহিনী।
রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ কমে না আসা পর্যন্ত এ বিধি-নিষেধ চালু থাকবে বলে জানান জেলা প্রশাসক।
