২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 04:53 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

র‌্যাব ১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, সোমবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ অভিযান চালান তারা।

আটক মো. গুরা মিয়া (৪৫) ওই শিবিরের প্রধান প্রতিনিধি; রোহিঙ্গারা যাবে ‘মাঝি’ বলেন। গুরা মিয়া ওই শিবিরের জি-৩১ নম্বর ব্লকের নূর আহম্মদের ছেলে।

উইং কমান্ডার বলেন, মাদকের বড় একটি চালান লেনদেন হবে বলে খবর পেয়ে তারা অভিযান চালান। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তিন-চারজন পালিয়ে যায়। তবে গুরা মিয়াকে তারা ধরে ফেলেন।

“তার হেফাজতে তিনটি প্লাস্টিকের বস্তা ও একটি ব্যাগ ছিল। সেখানে পাওয়া গেছে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০টি ইয়াবা; যা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা চালানের মধ্যে সবচেয়ে বড়।”

তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।