২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কর্মহীন শিল্পীর ভাতার তালিকায় অনিয়মের অভিযোগ

বগুড়ায় করোনাভাইরাস মহামারীতে কর্মহীন শিল্পীদের ভাতার জন্য করা তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 11:10 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

দেখা গেছে, এমন কোনো ব্যক্তিকে ভাতা দেওয়া হয়েছে যিনি শিল্পী নন; আবার এমন দেখা গেছে কেউ শিল্পী হলেও তাকে তালিকায় রাখা হয়নি।

বিষয়টি নিয়ে জেলার শিল্পীরা অসন্তোষ প্রকাশ করেছেন।

জেলা শিল্পকলা অফিস থেকে জানা যায়, করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া আট শ্রেণির শিল্পীকে সরকার ১০ হাজার টাকা করে দেয়। বগুড়ায় দেওয়া হয়েছে ২০১ জনকে।

এদের মধ্যে রয়েছেন নাট্য শিল্পী, যাত্রা শিল্পী, সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, পালাগান শিল্পী, যাদু শিল্পী, তাল যন্ত্র শিল্পী, নৃত্য শিল্পী।

যাত্রাপালা কোটায় সহায়তা পাওয়া বগুড়ার শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, প্রায় ২৫ বছর হলো তিনি বাস চালক হিসেবে কাজ করছেন। তিনি যাত্রা দলে কখনও ছিলেন না।

বাংলাদেশ যাত্রা শিল্পী ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি বুলবুল হকের মাধ্যমে তিনি অনুদান পেয়েছেন বলে জানান।

বগুড়া শহরের সেউজগাড়ী তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম রতন নিজেকে নৃত্য শিল্পী দাবি করলেও তিনি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিয়মিত বেতন পান।

করোনায় কর্মহীন হয়ে পড়া শিল্পীদের জন্য বরাদ্দের টাকা একজন এমপিওভুক্ত প্রধান শিক্ষক হিসেবে কেন নিয়েছেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সংগঠন করি তাই নিয়েছি।”

সারিয়াকান্দী উপজেলার কড়িতলার খোরশেদ আলম বলেন, তিনি ৩৫ বছর যাবত যাত্রা শিল্পের সাথে জড়িত। অথচ বাৎসরিক ভাতা এবং করোনাকালের অনুদান কোনটিই পাননি তিনি।

তিনি বলেন, “সাইফুল ইসলাম নামের একজন বার্ষিক ভাতা পান; তিনিও করোনার অনুদান পেয়েছেন।”

তিনি আক্ষেপ করে বলেন, “বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতেও গত ২২ মার্চ যাত্রার জন্য ডাক পড়ে। সেখানেও অভিনয় করে এসেছি। বগুড়ায় কারা গোপনে এসব তালিকা করে জানি না। যারা যাত্রা শিল্পের সাথে নেই তারাও অনুদান পায়।”

পল্লী কবি জসীমউদ্দিন পরিষদের বগুড়ার সভাপতি ও বাংলা একাডেমির আজীবন সদস্য কবি নুরুল ইসলাম চৌধুরী বলেন, “বগুড়ায় সাংস্কৃতিক জোটভুক্ত ৮০টি সংগঠন। এর বাইরেও শিল্পী আছেন। কেন সব সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক জানল না তালিকা করার সময়? কারও বাড়ির কাজের লোক, বড় মিস্ত্রীও নাকি অনুদানের ১০ হাজার টাকা করে পেয়েছে।”

জেলা প্রসাশকের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন বলে জানান তিনি।

যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের বগুড়া সভাপতি মাছুদুল হক বাচ্চু বলেন, “১৯৭৫ সাল থেকে শিল্পী হিসেবে অভিনয় করে আসছি। উত্তরাঞ্চলে এখন লাইসেন্সপ্রাপ্ত ‘নিউ বলাকা অপেরা’ আমার নিজের সংগঠন। কিন্তু কিছুই জানলাম না। জেলা কালচারাল অফিসার কোন যাত্রা সংগঠনের সাথে বসে তালিকা করল। শুনেছি বাংলাদেশ যাত্রা ফেডারেশন নামে বগুড়ার শাখা রয়েছে। সেই সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাৎসরিক ভাতা পেলেও করোনাকালীন ভাতা নিয়েছেন।”

প্রধানমন্ত্রীর অনুদান হলিলুট করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালচারাল অফিসার জোটকেও বলেছিলেন এবং সংগঠনকেও বলেছিলেন তালিকা দেওয়ার কথা। আমরাও তালিকা দিয়েছি; কিন্তু যাচাইবাছাইয়ের সময় আমাদের জানানো হয়নি।”

জেলা কালচারাল কর্মকর্তা সাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তালিকার জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট, নৃত্য শিল্পী সংস্থা, যাত্রা ফেডারেশনসহ উপজেলায় জানিয়েছিলাম। সেই তালিকার ভিত্তিতে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “শুনছি অনেকে তথ্য গোপন করে তালিকায় নাম উঠিয়েছেন। কেউ কেউ বাৎসরিক ভাতা পেলেও করোনার অনুদানে নামও দিয়েছেন। আবার চাকরিজীবী কিংবা অন্য পেশার লোকও নাকি তালিকায় আছেন।”

জেলা প্রসাশকের সাথে কথা বলে এসবের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “শুধু তাই নয়, ভুল তথ্য দিয়ে যারা নিয়েছেন এবং কোনো সংগঠনের নেতা সহায়তা করলে টাকা ফেরতসহ তাদের নাম ব্ল্যাক লিস্ট করা হবে।

তালিকা তৈরিতে কমিটির সভা করে করার কোনো নির্দেশনা ছিল না এবং তিন দিন মাত্র সময় ছিল বলে তিনি জানান।