Published : 22 May 2021, 11:47 AM
ভারত ফেরত ওই দুজনের সঙ্গে তাদের এক স্বজনকেও কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
করোনাভাইরাসের ভারতীয় ধরন দ্রুত সংক্রামক বলে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে। সে কারণে বাংলাদেশ ভারতের সঙ্গে চলাচল বন্ধ করলেও আটকে থাকা বাংলাদেশিদের তিনটি সীমান্ত দিয়ে দেশে ঢুকতে দিচ্ছে।
নেত্রকোণার পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের যে তিনজনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে, তারা হলেন এক ব্যক্তি, তার স্ত্রী ও পূত্রবধূ।
ওই ব্যক্তি তার ক্যান্সারে আক্রান্ত ছেলেকে নিয়ে গত ১৪ মার্চ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সঙ্গে গিয়েছিলেন তার পুত্রবধূ। সেখানেই তার ছেলের মৃত্যু হয়। ছেলের লাশ নিয়ে গত ২০ মে ফেরেন তিনি। শুক্রবার নেত্রকোণায় লাশ দাফন হয়।
জেলা প্রশাসক বলেন, ভারত থেকে মরদেহ আসার খবর পেয়ে সন্ধ্যায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ ওই ব্যক্তির বাড়িতে যান।
“মৃত ব্যক্তির সর্বশেষ কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ ছিল বলে তার স্বজনরা জানিয়েছে। তবুও আগাম সতর্কতা হিসেবে ভারত ফেরত দুজন এবং তাদের সংস্পর্শে আসা একজনকে রাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।”