Published : 04 Jul 2026, 09:43 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি রাস্তার কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ধসে যাওয়ার ঘটনায় এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার বিকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে সুতি নদীর পাড়ঘেঁষে ধসে যাওয়া রাস্তটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এ রাস্তার কাজে অনিয়ম হয়নি।”
তার ভাষ্য, “রাস্তার পাশের কবরস্থানকে সম্মান দেখাতে গিয়ে রাস্তাটি ক্যানেলের দিকে কিছুটা সরিয়ে নির্মাণ করা হয়। এতে ওই অংশের মাটি দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া গত মৌসুমে রাস্তার একপাশে স্থানীয়রা ধান শুকানোর কারণে ভারী যানবাহন অন্য পাশ দিয়ে চলাচল করে। এতে ওই অংশে অতিরিক্ত চাপ পড়ে। ফলে সম্প্রতি সড়কটির প্রায় ৮৩ মিটার অংশ দেবে যায়।”
তিনি বলেন, “মাটি ও বালুর স্তরের মধ্যে ফাঁপা জায়গা (ভ্যাকুয়াম) থাকায় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।”
প্রতিমন্ত্রী বলেন, “দ্রুত মাটি পরীক্ষা করে সড়কটি মেরামত করা হবে। বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসার পরই পরিদর্শনে এসেছি। দ্রুত সংস্কার করে জনগণের চলাচল স্বাভাবিক করা হবে।”
ভবিষ্যতে রাস্তা নির্মাণে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না হয়, সে জন্য এলজিইডির কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক বাবুল আক্তারসহ জেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।