মে দিবসে গাজীপুরে কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যু
মে দিবসে গাজীপুরে কর্মক্ষেত্রে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক।
শনিবার দুপুরে জিরানী এলাকায় হা-মীম গ্রুপের ভবন ভাঙার সময় দুর্ঘটনায় ওই শ্রমিক নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সেলিম হোসেন (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বিষপুকুরের আবু বকরের ছেলে। গাজীপুরের কাশিমপুরের বাড়ৈপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
গাজীপুরের কাশিমপুর থানার উপ-পরিদর্শক মাইকেল বণিক সাংবাদিকদের জানান, জিরানী এলাকায় হা-মীম গ্রুপের একটি পাঁচতলা ভবন ভাঙার কাজ চলছিল।
দুপুরে ওই ভবনের সিঁড়ি ভাঙার সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এতে সেলিম ওই সিঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
সেলিমকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রমিকের মৃত্যুর বিষয়ে ভবন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা মাইকেল বলেন, ময়নাতদন্তের জন্য সেলিমের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ‘আইনগত ব্যবস্থা’ প্রক্রিয়াধীন।
