২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জের নূর হোসেন: অস্ত্র ও মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2021, 05:51 PM

Updated : 02 Aug 2022, 05:33 PM

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

আদালত ওই দুই মামলায় আগামী ২৭ মে যুক্তিতর্কের দিন ধার্য করেছেন বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য গ্রহণ ও হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়। সাক্ষ্য ও হাজিরা শেষে তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন।

“আদালত সাক্ষ্য গ্রহণ শেষে দুটি মামলায় আগামী ২৭ মে যুক্তিতর্কের দিন ধার্য করেছে।”

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়।