২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফের হকার-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জে ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে নামা হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2021, 09:13 PM

Updated : 10 Oct 2022, 05:49 PM

মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করেছে পুলিশ।

সদরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে।

“হকাররা আলোচনা সাপেক্ষে না গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সড়কে আগুন দেওয়াসহ সহিংসতার পথ বেছে নিয়েছে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।”

যারা সহিংসতা করছে এবং সড়কে আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে হকার্স সংগ্রাম পরিষদ। বিক্ষোভ মিছিলটি চাষাঢ়া থেকে কালীর বাজারের দিকে যাওয়ার পথে প্যানোরামা প্লাজার সামনে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

পরে হকার্স নেতা মুক্তির দাবিতে বিক্ষুদ্ধ হকাররা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে সড়কের আগুন নেভায়।

পুলিশের ধাওয়া খেয়ে পুনরায় সন্ধ্যার দিকে হকাররা শহরের চাষাঢ়া এবং মিশনপাড়ার সড়কে পুরনো কাপড় ও কাঠে আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

এ সংঘর্ষের কারণে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।