২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুশতাকের মৃত্যু: জেলা প্রশাসনের তদন্তে আরও ৫ দিন

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্তে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আরও পাঁচ দিন সময় পেয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2021, 06:03 PM

Updated : 02 Aug 2022, 05:29 PM

তদন্ত কমিটিকে দেওয়ার প্রথম দফার দুইদিন সময় গত সোমবার শেষ হয়।

গাজীপুরের ডিসি তরিকুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে সোমবার তদন্ত শেষ না হওয়ায় তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে কমিটিকে আরও পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উম্মে হাবিবা ফারজানা।

ডিসি আরও বলেন, “আমরা যতটুকু জেনেছি বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ বাথরুমে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

“পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোনো অবহেলা আছে কি-না তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ এ কমিটি করা হয়েছে জানিয়েছে তিনি বলেন, “তার মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কি-না তা তার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর বিশেষজ্ঞরা জানাবেন।”

কারাগারের জ্যেষ্ঠ সুপার গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গত বছরের ৬ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে ২৪ অগাস্ট থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন এই লেখক।

শুক্রবার ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দুপুরে পুলিশ তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুরনো খবর:

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু