ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক থেকে ২ জনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সড়ক থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।
তারা হলেন- সদর উপজেলার ফুলবাড়িয়ার হিরু খানের ছেলে আজিজ খান (২৭) ও জেলার সরাইল উপজেলার কালিকচ্ছের আব্দুর রউফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী (২৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, শুক্রবার সন্ধ্যার পর এই দুইজনের লাশ আনা হয় তাদের হাসপাতালে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
সদর থানার ওসি আব্দুর রহিম বলেন, “কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল ও বুধল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনও আর কোনো তথ্য নিশ্চিত হতে পারেনি।”
বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
শান্ত চৌধুরীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে হাইওয়ে থানার এএসআই শওকত হোসেন জানিয়েছেন। তিনি এ বিষয়ে আর কোনো তথ্য দিতে পারেননি। অন্য লাশটি সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।
