২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ফরিদপুরে লাখো কণ্ঠে জাতীয় সংগীত

বিজয় দিবসে ফরিদপুরের প্রশাসনের উদ্যোগে এক যোগে জাতীয় সংগীত গাইতে প্রায় সোয়া লাখ মানুষ নিবন্ধন পালন করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 02:37 PM

Updated : 10 Oct 2022, 07:39 PM

বুধবার সকাল সাড়ে ৯টায় যে যার জায়গা থেকে লাখো কণ্ঠ জাতীয় সংগীতে গলা মেলায়।

এক সময়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিববর্ষ মঞ্চের সামনেও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফরিদপুরের ডিসি অতুল সরকার জানান, বিজয় দিবস মাসের শুরু থেকে শত-সহস্র কণ্ঠে অনলাইনে জাতীয় সংগীতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়।

দেশ বা বিদেশে ছড়িয়ে থাকা ফরিদপুর জেলাবাসীর এতে অংশ নিতে আহ্বান জানানো হয়।

অতুল সরকার বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘লাখের বেশি মানুষ’ নিবন্ধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে  জাতীয় সংগীত পরিবেশন করা হয়।  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। এছাড়া যে যার অবস্থান থেকে ঘড়ির কাঁটা মিলিয়ে একই সময়ে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন।

সেখানে ফরিদপুরের ডিসি ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করেন।

এর আগে সকাল ৮টায় শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল  ও সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।