২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকের ধাক্কায় শ্যালক-ভগ্নিপতি নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালক-ভগ্নিপতি নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 12:21 AM

Updated : 18 Aug 2022, 04:12 PM

সদর থানার এসআই নাজমুল জান্নাত শাহ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জবার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে তারা মারা যান।

নিহতরা হলেন- উপজেলার ভিমপুর গ্রামের সুরেন্দ্রনাথ সাহার ছেলে পরিতোষ সাহা (৪৫ ) ও তার শ্যালক জয়দেব সাহা (৩৫)। জয়দেব নিয়ামতপুর উপজেলার মহাদেব সাহার ছেলে।

এসআই নাজমুল বলেন, তারা নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে পুলিশ ট্রাক বা এর চালককে ধরতে পারেনি।

এসআই বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।