চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি-বধ্যভূমি সংরক্ষণের দাবি
দেশ স্বাধীনের পঞ্চাশ বছরেও চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গণকরব সংরক্ষণের যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে অমানুষিক নির্যাতনের পাশাপাশি নির্বিচারে প্রাণ হারিয়েছে অনেক মানুষ। সেসব নির্যাতনের স্থান ও বধ্যভূমিগুলো যথাযথভাবে সংরক্ষণ না করায় নতুন প্রজন্ম ভুলতে বসেছে সেসব দিনের ইতিহাস।
চোখের সামনে যুদ্ধদিনের স্মৃতি হারিয়ে যেতে দেখে জীবন সায়হ্নে দাঁড়ানো বীর মুক্তিযোদ্ধারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
জেলায় কয়টি গণকবর বা বধ্যভূমি রয়েছে তার সঠিক পরিসংখ্যানও নেই। তবে জেলা প্রশসান ১৮ থেকে ২০টি বধ্যভূমি তালিকাভুক্ত করার কথা জানিয়েছে।
জেলার বিভিন্ন স্থানে কয়েকটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তা অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে।
চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘রক্তধারা’
যুদ্ধ জয়ের আনন্দের পাশাপাশি পাক বাহিনীর অত্যাচারের কথা মনে হলে এখনও শিউরে ওঠেন তিনি।
শফিউল্যাহ মিজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো সংরক্ষণ না করায় রক্তক্ষরণ হয় হৃদয়ে। চাঁদপুরের যেখানে যেখানে বধ্যভূমি ও গণকবর রয়েছে সরকার যেন তা ভালোভাবে তদন্ত করে শহীদদের স্মৃতির স্মরণে সংরক্ষণের ব্যবস্থা নেয়।
“না হলে পরবর্তী প্রজন্ম আমাদের আত্মত্যাগ আর গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে কিছুই জানবে না।”
চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মুক্তিসৌধ’
“মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও এলজিইডি থেকে আমাদের কাছে বধ্যভূমির তালিকা চেয়েছে। এখন পর্যন্ত আমরা জেলায় ১৮ থেকে ২০টি বধ্যভূমি তালিকাভুক্ত করেছি। পর্যায়ক্রমে তা সংরক্ষণ করা হবে।”
বধ্যভূমি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্মৃতিস্তম্ভগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, এসব বধ্যভূমিতে পাকিস্তানি সেনারা রাজাকাদারদের সহযোগিতায় বাঙালি মুক্তিকামী মানুষকে অবর্ণনীয় নির্যাতন চালিয়ে হত্যা করেছিল।
জেলার ছোটসুন্দর, বাগাদী, দাসাদী ও শিলন্দিয়া গ্রাম, ফরিদগঞ্জ, কাদলা, আহমদনগর, সাচার, গৃদকালিন্দিয়া, বড়কুল, রায়শ্রী, বড়স্টেশন, কাসিমপুর, দত্রা, চরভাগল, রঘুনাথপুর, লাওকরা, রহিমানগর, রসুলপুর ও এনায়েতনগর এলাকায় হানাদার বাহিনী গণহত্যা চালায় বলে তিনি জানান।
মুক্তিযুদ্ধে চাঁদপুরে শহীদদের স্মরণে জেলা শহরে লেকের উপর নির্মাণ করা হয়েছে ভাসমান স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’। বোমা বানাতে গিয়ে চাঁদপুরের প্রথম চার শহীদের স্মরণে নির্মিত হয় ‘মুক্তিসৌধ’। সকল শহীদদের স্মরণে শহরের পাঁচ রাস্তার মোড় কালীবাড়িতে নির্মাণ করা হয় ‘শপথ ফোয়ারা’।
এসব স্মৃতিস্তম্ভ অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।
চাঁদপুর সদর উপজেলার রামপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মিজি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে চাঁদপুরে হানাদার বাহিনী এবং এদেশীয় রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী অগণিত মুক্তিকামী মানুষকে হত্যা করে।
“মহান মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর অতিক্রান্ত হতে চললেও চাঁদপুরে স্মৃতিবিজড়িত ‘বধ্যভূমি’ সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি চাঁদপুর জেলায় কয়টি ‘বধ্যভূমি’ রয়েছে তারও সঠিক কোনো পরিসংখ্যান কিংবা হিসাব পাওয়া যায়নি।”
“এই বধ্যভূমিতে ‘রক্তধারা’ নামের এক স্মৃতিস্তম্ভ নির্মাণ ছাড়া আর কোথাও কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি। শুধু তাই নয় মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে জেলার বিভিন্ন স্থানে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোও অযত্ন-অবহেলায় রয়েছে।”
এমন হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস অজানাই রয়ে যাবে বলে তিনি মনে করেন।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে ও ইতিহাস জানাতে বধ্যভূমির স্মৃতিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানান এই মুক্তিযোদ্ধা।
চাঁদপুর জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহানারা বেগম বলেন, চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বধ্যভূমি চিহ্নিত করার পাশাপাশি যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিচয় শনাক্ত করে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে স্মৃতি সংরক্ষণ করতে হবে।
“এগুলো এখনই সংরক্ষণ না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে। কখনও দেশের কোনো সংকটে যুব সমাজ প্রেরণা পাবে না।”
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদও তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও ইতিহাস সংরক্ষণের দাবি জানান।
