গাজীপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, রোববার বিকালে ভান্নারা পোড়াচালা এলাকা থেকে আরিয়ান (৯) নামে এই শিশুর লাশ উদ্ধার করেন তারা।
আরিয়ান ওই এলাকার রায়হান মিয়ার ছেলে। স্থানীয় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
ওসি মনোয়ার বলেন, শনিবার দুপুরে বাবার মোবাইল ফোন নিয়ে বাড়ির বাইরে খেলতে যায় আরিয়ান। এরপর নিখোঁজ হয়। কোথাও খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয় তার স্বজনরা। এলাকাবাসীর সহায়তায় বিকেলে আরিয়ানদের বাড়ির কাছেই পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
“ধারণা করা হচ্ছে মোবাইল ফোনের জন্য কেউ তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে রেখে গেছে।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
