২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্যাকসিন’ হিসেবে মাস্ক ব্যবহারের আহ্বান রাজশাহীর ডিসির

মাস্ককে ‘ভ্যাকসিন’ হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর ডিসি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 03:12 PM

Updated : 10 Oct 2022, 07:34 PM

মঙ্গলবার সকালে রাজশাহী নগরের সাহেববাজারে করোনাভাইরাস প্রতিরোধে প্রচার এবং ভ্রাম্যমাণ আদালত কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে ডিসি আব্দুল জলিল বলেন, “আমাদের সুস্থ থাকতে মাস্ককে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে হবে। এ নিয়ে অবহেলা করা যাবে না।”

সব সরকারি দপ্তর ও বিপণীবিতানে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রম চালু রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে কেউ মাস্ক না পরে ঘরের বাইরে বের না হয়।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, প্রথম দফায় রোগী বাড়লেও হাসপাতালের বেড ওভার-ফ্লো হয়নি।

“মাঝখানে কিছুটা শিথিলতা আসলেও এবার আমাদের আইসিইউ বেডসহ অন্যান্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে।”

পরে নগরের সাহেববাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরে চলাফেলার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৯৬ জন। এরমধ্যে মারা গেছেন ৩২৭ জন এবং সুস্থ্ হয়েছেন ২০ হাজার ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৬ জন। এর মধ্যে রাজশাহীতে ১২ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ২৭ জন, সিরাজগঞ্জ চারজন ও পাবনায় দুইজন। বগুড়ায় দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩২ জন। তাদের ১৪ জন রাজশাহীর এবং ১৭ জন বগুড়ার।

রাজশাহী বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৮ হাজার ৪৪৩ জন। এছাড়াও নগরীতে ৩ হাজার ৯৬১ জনসহ রাজশাহীতে ৫ হাজার ৩৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০১ জন, নওগাঁয় ১ হাজার ৩৭৪ জন, নাটোরে ১ হাজার ৯০ জন, জয়পুরহাটে ১ হাজার ১৬৪ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৩০৯ জন ও পাবনায় ১ হাজার ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সরকারি হিসেবে এ পর্যন্ত রাজশাহীতে ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২২ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৯৮ জন, সিরাজগঞ্জে ১৪ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।