রাবি ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক ছাত্রী।
তিনি রাজশাহী নগরীর মতিহার থানায় শনিবার রাতে এ মামলা করেন বলে নিশ্চিত করেছেন ওই থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান।
মামলার আসামি ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ রাবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের অগাস্ট মাসের দিকে শ্রাবণের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। ওই মাসের কোনো এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে ধর্ষণ করা হয়।
ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাইলে বারণ করে ওই ছাত্রীকে ভবিষ্যতে বিয়ে করবেন বলে আশ্বাস দেন ছাত্রলীগ নতো শ্রাবণ।
এরপর অনিচ্ছা থাকা সত্ত্বেও একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের। এক পর্যায়ে ২০২০ সালের মার্চে গর্ভপাত করেন মেয়েটি।
এখন আর সম্পর্ক রাখতে চাচ্ছেন না, বিয়েও করবেন না বলে জানিয়ে দিয়েছেন শ্রাবন। এমনকি বিয়ের কথা বলায় গত কয়েক মাস ধরে উল্টো তাদের গোপন টেক্সট, ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শ্রাবণ বলেন, “আমাদের মধ্যে এক সময় সম্পর্ক ছিল, এটা ঠিক। কিন্তু শারীরিক সম্পর্ক হয়নি কখনো।”
মতিহার থানার ওসি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
