শরীয়তপুরে পৃথক সড়কে নিহত ২
শরীয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি রজু মন্সী কান্দি গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে লিটন বেপারী (৩৯) ও ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর শীতলকাঠি গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাজন মোল্লা (৩২)।
নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট বাজারের কাছে রোববার বিকাল সোয়া ৫টার দিকে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন ঘটনাস্থালে নিহত হন।
ওসি বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক ও পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে।
এছাড়া জেলার ডামুড্যা উপজেলার ঋষিপাড়া এলাকায় শরীয়তপুর-ডামুড্যা সড়কে নিহত হন মোটারসাইকেল আরোহী রাজন মোল্লা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিনি নিহত হন বলে ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান জানান।
